
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ
বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ নিউইয়র্কের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ক্যান্সার রোগে চিকিৎসাধীন অবস্থায় জনপ্রিয় এই ঔপন্যাসিকের জীবনাবসান ঘটে।
মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৬৪।
নয় মাস ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময়ে রসায়নের অধ্যাপক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' প্রকাশিত হয় ১৯৭২ সালে।
গত চার দশকে মিঃ আহমেদ লিখেছেন দুশ'য়ের ওপর উপন্যাস, এছাড়াও ছোট গল্প এবং নাটক।
বাংলাদেশে হুমায়ূন আহমেদের বই ছিল বিক্রির তালিকায় সবার শীর্ষে।
১৯৪৮ সালে নেত্রকোণা জেলায় জন্ম হয়েছিল প্রবাদপ্রতিম এই লেখকের।
নয় বছর আগে হুমায়ূন আহমেদ এক বিতর্কের জন্ম দেন তাঁর স্ত্রীকে তালাক দিয়ে তাঁর দ্বিতীয় কন্যার এক ঘনিষ্ঠ বান্ধবীকে বিয়ে করে।
উনিশ' আশির দশকে বাংলাদেশে টেলিভিশনের জন্য তিনি জনপ্রিয় বেশ কিছু নাটক লেখেন।
টিভিতে নাটক লেখা ও নির্দেশনা দেওয়া ছাড়াও তিনি একাধিক চলচ্চিত্র পরিচালনা করেন।

























